স্পেনের কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে জয়ে জোড়া গোল করে ক্যালেন্ডার বছরে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন কিলিয়ান এমবাপ্পে। এই নিয়ে চলতি বছরে তার মোট গোল হলো ৫৮টি, যা কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদোর ২০১৩ সালে করা ৫৯ গোলের রেকর্ডের পেছনেই আছে।
বুধবার রাতে রিয়াল জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। ২৬ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ড প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন। এরপর বিরতির ঠিক আগে তার আক্রমণ ঠেকাতে গিয়ে তালাভেরার ডিফেন্ডার মানুয়েল ফারান্দোর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকরা একটি গোল শোধ দিলেও শেষ পর্যন্ত রিয়ালই জয় নিশ্চিত করে শেষ ষোলোতে ওঠে।
রিয়ালের কোচ জাবি আলোনসো এই ম্যাচে আগের লিগ জয়ী একাদশ থেকে দশটি পরিবর্তন করেন। জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়র শুরুতে বেঞ্চে ছিলেন। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করলেও রিয়ালকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় বেয়াল্লিশ মিনিট পর্যন্ত। শেষ দিকে তালাভেরা আরও একটি গোল করলেও ব্যবধান ঘোচানো সম্ভব হয়নি। সাম্প্রতিক কয়েক সপ্তাহের চাপ কাটিয়ে এটি ছিল আলোনসোর অধীনে রিয়ালের পাঁচ ম্যাচে তৃতীয় জয়।
আগামী শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে নিজের গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন এমবাপ্পে। কোপা দেল রের পরের রাউন্ডে ওঠার পাশাপাশি লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জানুয়ারির শেষ দুই ম্যাচের আগে তাদের অবস্থান সপ্তম।