মাধবপুর

সোয়া ২ কোটি টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ

হবিগঞ্জে মাধবপুরে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকায়িত বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি ও শাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের মূল্য প্রায় সোয়া দুই কোটি টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। এ সময় একটি কাভার্ড ভ্যান ওই এলাকায় আসলে টহল দল সংকেত দিয়ে গাড়িটি থামায়। পরে তল্লাশি করে কাভার্ড ভ্যানের ভেতরে কাঠের গুড়া ভর্তি বস্তা থেকে লুকানো অবস্থায় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি ও শাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধে কাজ করে যাচ্ছে বিজিবি। চোরাচালানবিরোধী অভিযান আমাদের দায়িত্বের একটি অংশ। আর এসব কঠোর পদক্ষেপ শুধু অপরাধীদের দমনই করছে না বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত রাখছে।

জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের সঙ্গে চোরাচালানে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে বলে জানান তিনি।