মুন্সীগঞ্জে অবৈধ গড়ে ওঠা ফাস্টফুড ভবন উচ্ছেদ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় সরকারি খালের জায়গায় অবৈধভাবে নির্মিত একটি ফাস্টফুড ভবন উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে রেস্টুরেন্টটির টিনশেড-পাকা স্থাপনা ভেঙে প্রায় দুই শতক সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে সিরাজদীখান উপজেলার দানিয়াপাড়া গ্রামের খালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। অভিযানে আলাউদ্দিন কমপ্লেক্সের সামনে খালের ওপর গড়ে ওঠা ‘রংধনু ফাস্টফুড’ নামের অবৈধ ভবনটি ভেঙে উচ্ছেদ করা হয় এবং দখলমুক্ত করা হয় খালের জায়গা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. কামাল হোসেন, সার্ভেয়ার মো. লিয়ার হোসেন এবং রশুনিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর সোলাইমান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি বলেন, জনস্বার্থে সরকারি সম্পত্তি উদ্ধার এবং অবৈধ দখল প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।