খুলনায় আদালতের ফটকের সামনে জোড়া খুনের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার রূপসা উপজেলার আইচগাতি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইজাজুল রূপসা উপজেলার আইচগাতী গ্রামের ফারুক হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব-৬ এর এক প্রেস ব্রিফিংয়ে এজাজুল হোসেনের গ্রেপ্তারের কথা জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, গত ৩০ নভেম্বর দুপুরে নগরীর আদালত চত্বরের প্রধান ফটকের সামনে আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় গুলি ও কুপিয়ে নৃশংসভাবে ফজলে রাব্বী রাজন (৩০) ও হাসিব হাওলাদার (৪০) নামের ২ জন ব্যক্তিকে হত্যা করা হয়। লোমহর্ষক এ ঘটনার পর র্যাব-৬ এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন সিসি টিভি ফুটেজ ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সংগ্রহ করে। এরপর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ইজাজুল হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইজাজুল ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে- সংঘঠিত জোড়া হত্যাকাণ্ডটি মূলত খুলনা মহানগরীর বিদ্যমান দুটি সন্ত্রাসী দলের মাঝে আন্তঃকোন্দল, আধিপত্য বিস্তার, মাদকের টাকা ভাগাভাগি, চাঁদা উত্তোলন ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে সংঘটিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ জানান।