ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ও রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠকের সময় পুলিশের অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে রাষ্ট্রবিরোধী লিফলেট, বাঁশের লাঠি এবং ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, রুহিয়া থানার ১৪ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর কাদেরীয়া দাখিল মাদ্রাসার মাঠে বুধবার রাত ১টার দিকে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা ব্যক্তিরা ছুটে পালানোর চেষ্টা করলে মো. লুৎফর রহমান (৪০) নামে একজনকে আটক করা হয়। তিনি রাজাগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
ঘটনাস্থল থেকে ২২ পাতার লিফলেট, আটটি বাঁশের লাঠি এবং ২৩টি ইট উদ্ধার করা হয়েছে। লিফলেটে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘অবৈধ নির্বাচন মানি না মানবো না’, এবং সরকার পতনের আহ্বানসহ রাষ্ট্রবিরোধী বক্তব্য ছিল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, বৈঠকে অন্তত ৫০-৬০ জন অংশগ্রহণ করেছিলেন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল।
রুহিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম আকন্দ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা করেছেন।
মামলায় আটক ব্যক্তিসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানায় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান।