বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে বুধবার গভীর রাতে প্রকাশ্যে গুলিবর্ষণ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল ছিল নূরিয়া স্কুলের পেছনের সরদার মঞ্জিলের সামনে। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানায়, গুলিবর্ষণের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে থাকা দুই যুবক চলন্ত অবস্থায় গুলি ছুড়ছেন, পাশাপাশি কয়েকজন দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টাধাওয়া করছে।
স্থানীয়দের অভিযোগ, রিফিউজি কলোনির ‘কসাই সালাম’- এর ছেলে রকি তার প্রতিপক্ষ ‘নাকা কাটা রুবেল’কে লক্ষ্য করে গুলি চালিয়েছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে যৌথবাহিনী এলাকায় অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযানের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।