পাবনায় সীমানা পুনর্বহাল নিয়ে পাল্টাপাল্টি মিছিল, হরতালের ডাক

পাবনা- ১ সংসদীয় আসনে বেড়া পৌরসভাসহ চারটি ইউনিয়ন পুনরায় অন্তর্ভুক্ত করে সীমানা পুনর্বহালের হাইকোর্টের রায়ে পাবনায় পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

রায়কে স্বাগত জানিয়ে বেড়া উপজেলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। অপরদিকে, রায় প্রত্যাখ্যান করে সাথিয়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এবং শুক্রবার হরতালের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বেড়া বাজার ও সিএন্ডবি মোড় এলাকায় আয়োজিত আনন্দ মিছিলে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

বক্তারা বলেন, আগে পাবনা- ১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে সাথিয়াকে একক আসন এবং বেড়াকে প্রায় ৮০ কিলোমিটার দূরের সুজানগরের সঙ্গে পাবনা- ২ আসনে যুক্ত করা ছিল বৈষম্যমূলক সিদ্ধান্ত। দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ের মাধ্যমে সীমানা পুনর্বহাল হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অন্যদিকে সন্ধ্যায় সাথিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন, ভোটার সংখ্যার ভিত্তিতে সাথিয়াকে একক আসন করা ছিল যৌক্তিক দাবি, যা দলমত নির্বিশেষে সাথিয়াবাসী সমর্থন করেছিলেন। সীমানা পুনর্বহালের এই রায় তারা মানেন না বলে ঘোষণা দেন। 

একই সঙ্গে রায় প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ের পাশাপাশি শুক্রবার সাথিয়া উপজেলায় হরতাল পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।