ফ্রান্সের বেসঁকন শহরে আদালত একজন প্রাক্তন অ্যনেস্থেটিস্টকে ৩০ জন রোগীকে ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগের দায়ে আজীবন কারাদণ্ড দিয়েছেন। এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেডেরিক পেচিয়ের তার ইনফিউশন ব্যাগে এমন পদার্থ মিশিয়েছিলেন যা রোগীদের হৃদরোগ ও রক্তপাতজনিত সমস্যা সৃষ্টি করেছিল। সবচেয়ে কম বয়সী শিকার ছিলেন চার বছরের একটি শিশু, আর সবচেয়ে বয়সী ছিলেন ৮৯ বছর বয়সী রোগী।
পেচিয়েরকে প্রথম তদন্তের আওতায় আনা হয়েছিল আট বছর আগে। যখন ২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে বেসঁকনের দুইটি ক্লিনিকে রোগীরা অস্বাভাবিকভাবে অসুস্থ হচ্ছিলেন। তার প্রথম পরিচিত শিকার স্যান্ড্রা সিমার্ড, যিনি স্পাইন সার্জারির সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পেচিয়েরের হস্তক্ষেপে তিনি বেঁচে গেলেও কোমায় চলে যান। তার ইনফিউশন ব্যাগের পরীক্ষায় পটাসিয়ামের মাত্রা অনুমানকৃত ডোজের ১০০ গুণ বেশি পাওয়া যায়।
আদালত কমপক্ষে ২২ বছরের জন্য কারাগারে রাখার নির্দেশ দিয়েছে। পেচিয়েরের কাছে আপিল করার জন্য ১০ দিনের সময় রয়েছে। যা গ্রহণ করলে নতুন বিচার আগামী এক বছরের মধ্যে শুরু হবে।