সিঙ্গাপুরে ওসমান হাদির মস্তিস্কের অস্ত্রোপচার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির মস্তিস্কে অস্ত্রোপচার করা হয়েছে। পরিবারের অনুমতির পর বৃহস্পতিবার বাংলদেশ সময় বিকেল ৫টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাকে পর্যাবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল রাতে ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শরীফ ওসমান হাদিকে সব্বোর্চ্চ চিকিৎসা নিশ্চিতে সব রকমের চেষ্টা করছে অন্তর্বতী সরকার। বিকালে তার একটি অস্ত্রোপচার হয়। সিঙ্গাপুরে হাদির চিকিৎসায় সেদেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। তবে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। আগের মতই আশঙ্কাজনক।

তিনি জানান, হাদির বড় ভাইয়ের রাতে সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। বাংলাদেশ এবং সিঙ্গাপুর হাই কমিশন পুরো বিষয়টি দেখভাল করছে।

এদিকে বৃহস্পতিবার বিকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।

পোস্টে বলা হয়েছে, ‘আপনারা দোয়া করুন, আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদী যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’

পোস্টে আরও বলা হয়েছে, ‘খুনীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা মাধ্যমে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তার করে ফেরত আনতে হবে।’

শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোচপার করে গুলির অংশ বের করা হয়। রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। আসন্ন সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনে প্রার্থী হওয়া ঘোষণা দিয়েছিলেন।