ওয়াজ মাহফিলের মঞ্চে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য সহ্য করা হবে না। কেউ এমন বক্তব্য দিলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে-এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক বলেন, নির্বাচনে অবৈধভাবে ব্যালট পেপারে হাত দেওয়ার সুযোগ নেই। পেশিশক্তি প্রদর্শনের যুগ শেষ হয়ে গেছে। কেউ কাউকে ভয়ভীতি দেখাবেন না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ, অবাধ ও পেশিশক্তিমুক্ত-এ বিষয়ে কোনো ধরনের সংশয়ের অবকাশ নেই।
তিনি বলেন, পুরো জেলায় নির্বাচনসংক্রান্ত অনিয়মের বিষয়ে হাজীগঞ্জ এলাকা থেকেই বেশি অভিযোগ পাওয়া গেছে।
কেন এমন হচ্ছে-সে প্রশ্ন তুলে তিনি রাজনৈতিক নেতাদের নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
নাজমুল ইসলাম সরকার বলেন, অতীতের ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। অনেকে মনে করছেন নির্বাচন হবে না-এমন ধারণা সঠিক নয়।
নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং তা সুষ্ঠুভাবেই হবে। সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব দিয়ে আমাদের মাঠে পাঠিয়েছে। কোনো হুমকি বা চাপ কাজে আসবে না। কেউ সীমা লঙ্ঘন করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রচার-প্রচারণা নির্ধারিত সময়ের মধ্যেই শুরু করতে হবে এবং শুরু থেকেই সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।
জেলা প্রশাসক বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতার হলেও তা শত্রুতায় রূপ নেওয়া উচিত নয়। নির্বাচন হবে নির্বাচনের মতোই-শান্তিপূর্ণ ও শালীন পরিবেশে।
সভায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরফিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।