সুপ্রিম কোর্ট সচিবালয়ের অফিসিয়াল কাজে ই-নথি ব্যবস্থাপনা চালু করা হয়েছে। গত ১২ ডিসেম্বর নব-প্রতিষ্ঠিত সুপ্রিম কোর্ট সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও দায়বদ্ধ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়। ফলে এখন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের যাবতীয় কার্যক্রম এই আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন হবে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয়ে ই-ফাইল ব্যবস্থাপনা সফলভাবে বাস্তবায়িত হলে ফাইল ব্যবস্থাপনায় সময় অপচয় রোধ হবে। পাশাপাশি নথির অবস্থান ও অগ্রগতি ট্র্যাক করা সম্ভবপর হবে। এ ছাড়া ফাইল সংরক্ষণে জায়গা সংকট ও নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবেলা ও আন্তঃশাখা সমন্বয় ও অনুমোদন প্রক্রিয়া সহজতর হবে।