যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে শিক্ষার্থী নিহত ও এমআইটির এক অধ্যাপক হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারি বা ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিযুক্ত ব্যক্তি এই কর্মসূচির মাধ্যমেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে জানানো হয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিব ক্রিস্টি নোয়েম জানান, ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসকে কর্মসূচিটি সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। তিনি বলেন, অভিযুক্ত ক্লদিও নেভেস ভ্যালেন্তেকে কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দেওয়া উচিত ছিল না।

৪৮ বছর বয়সী পর্তুগিজ নাগরিক নেভেস ভ্যালেন্তের বিরুদ্ধে ব্রাউন ইউনিভার্সিটিতে গুলি চালিয়ে দুই শিক্ষার্থীকে হত্যা এবং নয়জনকে আহত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া এমআইটির এক অধ্যাপককে হত্যার ঘটনাতেও তিনি জড়িত বলে দাবি করা হচ্ছে। কর্মকর্তারা জানান, পরে তিনি নিজে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে স্থায়ী বাসিন্দার মর্যাদা (গ্রিন কার্ড) পান।

ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতি বছর যুক্তরাষ্ট্রে কম প্রতিনিধিত্বশীল দেশগুলোর নাগরিকদের জন্য লটারির মাধ্যমে সর্বোচ্চ ৫০ হাজার গ্রিন কার্ড দেওয়া হয়। কংগ্রেসের মাধ্যমে চালু হওয়া এই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিন কার্ড লটারি ব্যবস্থার সমালোচক। তার প্রশাসন অবৈধের পাশাপাশি বৈধ অভিবাসনও সীমিত করার উদ্যোগ নিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, আলোচিত অপরাধের ঘটনাগুলোকে সামনে রেখে কড়াকড়ি অভিবাসন নীতির পক্ষে অবস্থান নেওয়ার ধারাবাহিকতারই অংশ এই সিদ্ধান্ত। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নিয়েও সুপ্রিম কোর্টে লড়াই চালাচ্ছে ট্রাম্প প্রশাসন।