হবিগঞ্জের মাধবপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ ফেজ-২ এর আওতায় পৃথক অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে ও বৃহস্পতিবার ( ১৮ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মাধবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল পাঠান এবং উপজেলা যুবলীগের সদস্য ও ১১নম্বর বাঘাসুরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ।
পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা এলাকা থেকে ইকবাল পাঠানকে এবং বৃহস্পতিবার রাতে উপজেলার হরিতলা এলাকা থেকে কাওছার আহম্মেদকে আটক করে পুলিশ।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহানুর ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে উপপরিদর্শক (এসআই) বিজয় জানান, কাউছার আহমেদকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবির করা হলেও পুলিশ তা আমলে নেয়নি। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানায়, ‘ডেভিল হান্ট’ফেজ-২ অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে।