ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস (২৫) নামে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত দীপু চন্দ্র দাস প্রায় তিন বছর ধরে ভালুকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করার অভিযোগ উঠলে বিষয়টি কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে তাকে কর্তৃপক্ষের কাছে নেওয়া হলে তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর কারখানা কর্তৃপক্ষ তাকে কারখানা থেকে বের করে দেয়।
এ সময় ঘটনাটি ছড়িয়ে পড়লে একদল বিক্ষুব্ধ মানুষ, যাদের স্থানীয়ভাবে ‘তৌহিদি জনতা’ বলা হচ্ছে, কারখানার সামনে জড়ো হয়। রাত ৯টার দিকে দীপু কারখানার গেট দিয়ে বের হলে তাকে প্রথমে সেখানে মারধর করা হয়। পরে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আবারও মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকাজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, নিহতের পরিবার এখনো থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।