গণমাধ্যমে হামলার নিন্দায় ১০ দেশ, নেই যুক্তরাষ্ট্র

সাংবাদিক, সম্পাদক ও মিডিয়া প্রতিষ্ঠানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শনের ঘটনা অগ্রহণযোগ্য বলে উল্লেখ করে সংগঠনটি বলেছে, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও জনসাধারণের অবহিত হওয়ার অধিকারের হৃদয়ে আঘাত করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের কূটনৈতিক নেটওয়ার্ক এ বিবৃতি দেয়।

দেশে-বিদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন দেশের অংশীদারত্বমূলক এ সংগঠন ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছয় মহাদেশের ৫০টিরও বেশি দেশ এ কোয়ালিশনের সদস্য।

তবে এবারের বিবৃতিতে স্বাক্ষর করেছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড ও যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র কোয়ালিশনের সদস্য হলেও এবার তাদের সই নেই বিবৃতিতে।

বিবৃতিতে বলা হয়, আমরা সব গণমাধ্যম পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত ও দ্রুত নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি, যাতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হয়। সাংবাদিকদের নির্ভয়ে কাজ করতে সক্ষম হতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও একটি উন্মুক্ত সচেতন সমাজ সমুন্নত রাখতে তাদের রক্ষা করা অপরিহার্য।