ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই শুরু

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সুগার মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

এবার মাড়াই কর্মদিবস ধরা হয়েছে প্রায় ৭০ থেকে ৮০ দিন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, বিএসএফআইসির সচিব মো. মুজিবুর রহমান, বিএসএফআইসির প্রধান (টিএস) মঞ্জুরুল হক প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চলতি আখ মাড়াই মৌসুমে ঠাকুরগাঁও চিনি কলে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৯০ হাজার মেট্রিক টন। চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫ হাজার ৬৭০ মেট্রিক টন, চিনি আহরণের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৩০ শতাংশ। ২০২৪-২০২৫ রোপণ মৌসুমে দণ্ডায়মান আখ আছে ৬ হাজার ৬০ একর, ২০২৫-২০২৬ মৌসুমে আখ রোপন লক্ষ্যমাত্রা ধরা হয় ৬ হাজার ৫শ একর। চলতি মৌসুমে অদ্যাবধি রোপন (চলমান) ৩ হাজার একর জমি।