মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজনকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ২৫-ডি ধারায় এবং অপর একজনকে একটি ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত শিবালয় উপজেলা শ্রমিক লীগের সম্পাদক জুয়েল হোসেন (৩৮), উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল রশিদ (৫৮) এবং হরিরামপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সৌরভ আহম্মেদ (৩৭)। সৌরভ আহম্মেদ একটি ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘ পাঁচ বছর ধরে পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।