বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ছায়ানটের সংস্কৃতি ভবনে হামলা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে ধানমন্ডির ছায়ানটের সাততলা ভবনে এ হামলা হয়।
ছায়ানটের সভাপতি সারওয়ার আলী ও সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুকে উপলক্ষ করে একদল লোক জোরপূর্বক ভবনে প্রবেশ করে তাণ্ডব চালায়। তারা ‘ভারতের দালাল’, ‘ভাঙো’, ‘নারায়ে তাকবীর’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে দিতে পুরো ভবন বিধ্বস্ত করে দেয়।
ছায়ানটের বিবৃতিতে বলা হয়, হয়তো পরিস্থিতির সুযোগ নিয়েছে সংস্কৃতি চর্চার বিরোধী গোষ্ঠী। প্রতিষ্ঠানটি হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে। এ ঘটনায় দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ প্রকাশের জন্য ছায়ানট কৃতজ্ঞতা জানিয়েছে।
সংগঠনটি জোর দিয়ে বলে, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীত ও সংস্কৃতি চর্চা। আমরা একটি স্বেচ্ছাসেবী ও স্বনির্ভর প্রতিষ্ঠান। সরকারি বা বাহ্যিক অনুদান নিই না। আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমরা ক্ষতিপূরণ করব এবং আমাদের কার্যক্রম দ্রুত পুনর্বহাল করব।