ফাইনালে উঠে জুমার-ঊর্মির ইতিহাস

ব্যাডমিন্টন কোর্ট থেকে আজ শুক্রবার দেশকে বড় সুখবর দিলেন আল আমিন জুমার ও ঊর্মি আক্তার জুটি। ইতিহাস গড়লেন দেশের ব্যাডমিন্টনে। সকালে ব্রোঞ্জ নিশ্চিত করেছিলেন ভারতীয় জুটিকে হারিয়ে। রাতে নিশ্চিত করলেন ফাইনাল। ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের ইতিহাসে প্রথমবার কোনো ইভেন্টের ফাইনাল নিশ্চিত হলো স্বাগতিক বাংলাদেশের। এর আগে প্রাপ্তি ছিল সর্বোচ্চ ব্রোঞ্জপদক। আগামীকাল মিশ্র দ্বৈতের ফাইনালে শিরোপার জন্য মালয়েশিয়ার দাতু আনিফ ও ক্লারিসা সান জুটির বিপক্ষে খেলবে বাংলাদেশের জুমার ও ঊর্মি।

সকালে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে তারা ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালাকে ২১-১৬, ১৯-২১ ও ২১-১৮ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। তবে ম্যাচটা সহজ ছিল না তাদের জন্য। প্রথম সেট যদিও খুব সহজে জিতেছে। তবে দ্বিতীয় সেটে এক সময় এগিয়ে থেকেও মাত্র ২ পয়েন্টের ব্যবধানে হেরে যায় জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হয়েছে তুমুল প্রতিদ্ব›িদ্বতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকেÑ ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি বাংলাদেশের। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। রাতে সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাত লোথং ও সারিসা জানপেং জুটি অবশ্য সেভাবে প্রতিরোধ গড়তে পারেনি। তারা সরাসরি ২১-১১ ও ২১-১৪ গেমে (২-০ সেটে) হেরেছে দারুণ ফর্মে থাকা জুমার-ঊর্মি জুটির কাছে। 

ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘আলহামদুলিল্লাহ। ফাইনালিস্ট হওয়া এটা আসলে বলার কিছু নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে প্রথমবারের মতো বাংলাদেশ টিম ফাইনাল খেলছে ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে। বাকিটা আল্লাহ ভরসা, ফাইনালে যা হয় হবে। দেখা যাক। আমরা আগের থেকে যথেষ্ট ফিট হয়েছি কারণ আমাদের মাঝখানে সাফ গেমসের ক্যাম্প ছিল বিদেশি কোচের অধীনে। আমাদের অনেকটাই ইমপ্রæভ করেছে যার কারণে আসলে আমরা এখন ভালো খেলছি বিদেশিদের বিপক্ষে। আগে যে রেজাল্টগুলো আমরা আশাও করতে পারতাম না, এখন বাংলাদেশ অন্যান্য বারের মতো হচ্ছে না যে মানে বাংলাদেশ আসছে আর যাচ্ছে, হেরে যাচ্ছেÑ এ রকম হচ্ছে না।’

এদিকে মিশ্র দ্বৈতে সুখবর দিলেও ছেলেদের ডাবলসে সেমিতে উঠতে পারেননি জুমার। সঙ্গী ওহিদুলকে নিয়ে ভিয়েতনামের ডেং ও ত্রান জুটির কাছে হেরে গেছেন তারা কোয়ার্টার ফাইনালে। ছেলেদের ডাবলসে বাংলাদেশের রবিন-মাসুদ জুটিও হেরেছে ভারতের অনুজ-লুপেজ জুটির কাছে।

কাল সব বিভাগেরই ফাইনাল অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শোক প্রকাশ করবে আয়োজক বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আজ আসরে অংশ নেওয়া প্রত্যেক শাটলার, কোচ, আম্পায়ার, কর্মকর্তারা শোক ব্যাজ ধারণ করবেন।