হাঁস নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের স্ত্রীর বটির আঘাতে ভাসুর নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের বউয়ের ধারালো বটির কোপে লুৎফর রহমান টুকু মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপান্দি গ্রামে লুৎফর রহমান টুকু মোল্লার সাথে চাচাতো ভাই সোহাগ মোল্লার পারিবারের সাথে আগে থেকেই কলহ চলে আসছিল। এরই সূত্র ধরে শুক্রবার রাতে লুৎফর রহমান টুকু মোল্লার হাঁস চাচাতো ভাই সোহাগ মোল্লার ঘরে চলে যায়।

এর জের ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। ঝগড়া বিবাদের এক পর্যায়ে সোহাগ মোল্লার স্ত্রী সিমা আক্তারের (২৫) এর ধারাল বটির কোপে ভাসুর লুৎফর রহমান টুকু মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের বলেন, ধারাল অস্ত্রের আঘাতে টুকু মোল্লা নামের এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম বলেন, পারিবারিক কলহের জের ও ঘরে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের কোপে লুৎফর রহমান টুকু মোল্লা নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।