ঝড় তুলল ‘হ্যাপি প্যাটেল’

‘এমি নমিনেটেড’ কমেডিয়ান বীর দাসের পরিচালনায় এবং আমির খান প্রযোজিত ‘আমির খান টকিজ’র ব্যানারে নির্মিত আসন্ন সিনেমা ‘হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস’। মুক্তি পেল হাস্যরসে ভরা সিনেমাটির ট্রেলার।

গতকাল শুক্রবার ‘হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস’র ট্রেলার মুক্তি পায়। রহস্য, কমেডি, ব্যঙ্গাত্মক সংলাপে মোড়ানো ট্রেলারটি মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি হয়েছে।

ট্রেলারে দেখা যায়, ভারতীয় বংশোদ্ভূত হ্যাপি প্যাটেল একজন আন্তর্জাতিক গুপ্তচর হতে চায়। কিন্তু তার উচ্চাভিলাষী স্বপ্নের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল না থাকায় এক অদ্ভুত হাস্যকর পরিস্থিতির মধ্যে ফেঁসে যায় সে। গোয়া পুলিশের সঙ্গে সংঘর্ষ, হঠাৎ প্রেমের জটিলতা এবং অবাস্তব স্বপ্ন সব মিলিয়ে তৈরি হয়েছে এক মজাদার কাহিনি।

ট্রেলারের প্রতি ভক্তরা উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, ‘নতুন বছর শুরু হবে আনন্দের সঙ্গে হ্যাপি প্যাটেলের সঙ্গে।’

সিনেমাতে আমির খান-সহ রয়েছেন একঝাঁক শক্তিশালী তারকা। বীর দাসের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা পালকার যা গল্পে এক উষ্ণতা যোগ করেছে। আরও রয়েছে মোনা সিং, শারিব হাশমি, ইমরান খানের মতো শক্তিশালী তারকারা।

এ সিনেমার সবচেয়ে আলোচিত দিক হলো ১০ বছর পর ইমরান খানের বড় পর্দায় প্রত্যাবর্তন।

কবি শাস্ত্রীর সহ-পরিচালনায় এবং আমোঘ রণাদিভের সহ-রচনায় নির্মিত সিনেমাটি দ্বিভাষিক হাস্যরস ও ব্যঙ্গাত্মক কাহিনির ওপর তৈরি। সিনেমাটি আগামী বছরের ১৬ জানুয়ারি মুক্তি পাবে।