ময়নাতদন্ত শেষে ওসমান হাদির মরদেহ সোহরাওয়ার্দীতে

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে মরদেহ মর্গে নেয়া হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে সাড়ে ১১টার দিকে তাকে গোসল করানো হয়। 

বাকি আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নেওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে দুপুর দুইটায় হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

জানাজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। নির্দেশনায় বলা হয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এছাড়া জানাজা চলাকালীন সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।