সুদানের আবেই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় শান্তিরক্ষীর মরদেহ দেশে ফিরেছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় তাদের মরদেহ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শোকবহ পরিবেশে মরদেহ গ্রহণ করেন। আগামীকাল যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারে করে শহীদদের মরদেহ তাদের নিজ নিজ এলাকায় পাঠানো হবে ও সামরিক মর্যাদায় দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর স্থানীয় সময় দুপুরে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (UNISFA) কাদুগলি লজিস্টিকস বেইসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় এই ছয় শান্তিরক্ষী প্রাণ হারান। হামলায় আরও আট শান্তিরক্ষী আহত হন।
নিহত শান্তিরক্ষীরা হলেন: কর্পোরাল মোঃ মাসুদ রানা (নাটোর), সৈনিক শামীম রেজা (রাজবাড়ি), সৈনিক মোঃ মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শান্ত মন্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মোঃ সবুজ মিয়া (গাইবান্ধা)।
আহত আট শান্তিরক্ষীকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার নাইরোবির আগা খান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে সৈনিক মো. মেজবাউল কবিরের গুরুতর অবস্থায় অস্ত্রোপচার করা হয়েছে। বাকিরা শঙ্কামুক্ত এবং একজন ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন।
বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে এক শোকবার্তায় বলেন, শহীদদের আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে। সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।