সন্ত্রাস ও সহিংসতার আহ্বানসম্বলিত সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়ে সরাসরি হোয়াটসঅ্যাপ ও ইমেইলে অভিযোগ করার আহ্বান জানিয়েছে জাতীয় সাইবার সুরক্ষা অ্যাজেন্সি।। শনিবার (২০ ডিসেম্বর) তথ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
হোয়াটসঅ্যাপ ও ই-মেইলে প্রাপ্ত অভিযোগগুলো এনসিএসএ প্রাথমিক যাচাই-বাছাই শেষে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিপোর্ট করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার সরাসরি কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট ডাউন করতে পারে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট পোস্টগুলো সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কাছে রিপোর্ট করতে পারে।
হেট স্পিচ যা সরাসরি সহিংসতা ঘটায় বা সহিংসতার আহ্বান জানায় জাতীয় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এনসিএসএ সোশ্যাল মিডিয়াকে সহিংসতা সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকতে এবং দেশ ও নাগরিকের জীবন ও সম্পদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
০১৩০৮৩৩২৫৯২ হোয়াটসঅ্যাপ নম্বরে ও notify@ncsa.gov.bd এই ই-মেইল আইডিতে রিপোর্ট করা যাবে।