কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। চলমান ডেভিল হান্ট অপারেশন-২ কার্যক্রমের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত পৌনে ২টায় বিরামপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলতাফুজ্জামান মিতা (৬৫) বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের সালেহ উদ্দিন আহমেদের ছেলে ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামি মো.আলতাফুজ্জামান মিতা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সরকারি কাজে তদবির বাণিজ্য, দলীয় প্রভাব খাটিয়ে সরকারি প্রকল্পের বরাদ্দ নেতাকর্মীদের পাইয়ে দিতেন এবং নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং হামলার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পলাতক ফ্যাসিস্ট ও তাদের দোসরদের সঙ্গে পরস্পর যোগসাজসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করে আসছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন চাঞ্চল্যকর তথ্যও দিয়েছেন।
এ বিষয়ে অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার আলতাফুজ্জামান মিতার বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানা ও ডিএমপিতে একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।