নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন (১৪) রহিমানপুর গ্রামের মো. আজিজুর রহমানের একমাত্র সন্তান এবং রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের ও একই শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী মোছাঃ মিতু আক্তারের সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে আল আমিনের সঙ্গে তার বাবা-মায়ের কথা কাটাকাটি হয়। পরে সে রাতে খাওয়া-দাওয়া না করেই বাড়ির দক্ষিণ দিকের আধা পাকা ঘরে শুয়ে পড়ে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে নিহত আল আমিনের বাবা ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে তিনি দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে তার ছেলে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি নামান।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে এবং মরদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।