দাফনের জন্য নিজ বিশ্ববিদ্যালয়ে হাদির মরদেহ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ তার নিজ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে। কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে দাফন করা হবে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

জানাজায় প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মম শির’। তিনি আমাদের মাথা নত না করার মন্ত্র দিয়ে গেছেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানাজার পর সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হামলাকারীকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে তাদের পদক্ষেপ জানানোর দাবি করছি।