চট্টগ্রাম

কারাবন্দি শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি বৃদ্ধি

চট্টগ্রামে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নগর পুলিশের একটি সংস্থা। সম্প্রতি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী তামান্না শারমিন পৃথক সাতটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরে স্থগিতের ঘটনায় নজরদারির এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতোমধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নগরের তিন থানার কারাবন্দি শীর্ষ কিছু আসামির তালিকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। থানাগুলো হলো চান্দগাঁও, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামি।

চান্দগাঁও থানার শীর্ষ আসামিরা হলেন ইসমাঈল হোসেন ওরফে টেম্পু, মো. আলাউদ্দিন, মো. হেলাল, বাবু তালুকদার। বায়েজিদ বোস্তামি থানার মো. বাবুল, মো. সোহেল, মো. বেলাল উদ্দিন ওরফে মুন্না, মো. হাসান, মো. আজিজ। বাকলিয়া থানার মো. রোকন, মো. মিশন, মো. রাব্বি ও মো. ইফতেখার বিন ইসহাক।

চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে কারাগারের ভেতরে বাইরের শীর্ষ সন্ত্রাসীদের (জামিনে থাকা) নজরদারিতে রাখা হচ্ছে। একটি চক্র আসন্ন নির্বাচনকে সামনে রেখে কারাবন্দি শীর্ষ সন্ত্রাসীকে মাঠে ‘ব্যবহারের’ জন্য কারাগার থেকে ছাড়িয়ে আনার চেষ্টা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারিতে রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে নগরের সব থানার শীর্ষ আসামিদের (কারাবন্দি) তালিকা কারাগারে পাঠানো হবে।