মাদারীপুরে সড়ক  দুর্ঘটনায় কিশোর নিহত

মাদারীপুরে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। 

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার খাগদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহফুজ রহমান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সোনাটিয়া এলাকার ফিরোজ শাহের ছেলে। আহতরা হলেন, নিহত মাহফুজের মা মাহমুদা বেগম (৩৫) ও খালা নরুন্নাহার বেগম (৪৫)।

জানা যায়, নতুন বাসস্ট্যান্ড থেকে একটি অটোরিকশাযোগে মোস্তফাপুরের দিকে যাচ্ছিলেন মাহফুজ ও তার মা এবং খালা। খাগদী এলাকায় আসলে পেছন থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে যাত্রীরা। এতে ঘটনাস্থলেই মারা যায় কিশোর মাহফুজ। আহন হন নিহতের মা ও খালা। পরে আহতদেরকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।