ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কবরস্থানের জায়গা দখলের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিমপুর কবরস্থানের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অর্ধ শতাধিক মানুষ অংশ নেয়। এসময় বক্তারা অভিযোগ করেন কাশিমপুর গ্রামের মাকসুদ মিয়া কবরস্থানের প্রায় ১৫ শতক জায়গা জোর পূর্বক দখল করে নিয়েছে। এছাড়াও তিনি একজন মামলাবাজ। তার বিরুদ্ধে কথা বললেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। বহু মানুষের সাথে তার ভূমি সংক্রান্ত মামলা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুলেমান মিয়া, সাবেক ইউপি সদস্য কাকলী আক্তার, আল আমিন, সুলেমান ভূইয়া, আকবর পান্না ফকির, সৈয়দ হোসেন, ফরিদ হোসেন, আক্তার হোসেন সরকার প্রমুখ।
সুলেমান মিয়া বলেন, কবরস্থানের জায়গা ১০২ শতক এবং মসজিদের ২২ শতক। কিন্তু মাকসুদ মিয়া গং কবরস্থানের পশ্চিম দিকে উত্তর দক্ষিণে প্রায় ১৫ শতক জায়গা দখল করে নিয়েছে। তার বিরুদ্ধে কথা বললেই তিনি মামলা দিয়ে দেয়। সাবেক ইউপি সদস্য কাকলী বেগম বলেন, মাকসুদ মিয়া একজন ভূমিদস্যু। আমরা আমাদের জায়গায় গেলে তারা বাধা দেয়।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত মাকসুদ মিয়া বলেন, কবরস্থানের পাশে আমাদের জমি আছে। কবরস্থানের জায়গা দখলের অভিযোগ সঠিক নয়।