মুরাদনগরে মাদরাসা শিক্ষকের উপর হামলার ঘটনায় আটক ৩

কুমিল্লা মুরাদনগরে মুফতি মানসুর কবির নামে এক মাদরাসা শিক্ষকের ওপর হামলার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আটকের বিষয়টি শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান।

গত শুক্রবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জের নগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হলে ওসির দ্রুত পদক্ষেপে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেন। 

আটককৃতরা হলেন নগরপাড় গ্রামের মৃত বাদল হোসেনের ছেলে মারুফ হোসেন (২৯), একই এলাকার খোকন মিয়ার ছেলে জুয়েল (২৫) ও হুমায়ুন কবিরের ছেলে সুমন (৩৪)।

আহত মাদরাসা শিক্ষক মুফতি মানসুর কবির কোম্পানীগঞ্জ এলাকার নগরপাড়ে বসবাস করেন। তিনি করিমপুর মাদরাসা সহকারী পরিচালক ও শিক্ষক এবং মুরাদনগর হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক।

ঘটনার সূত্রে প্রকাশ, শুক্রবার রাতে মাহফিলের বয়ানে যাওয়ার উদ্দেশ্যে নগরপাড় বাসা থেকে বের হন মুফতি মানসুর কবির। বাসা থেকে বের হওয়ার একটু পরেই নগরপাড়া এলাকার রাস্তায় মুখোশধারী দুর্বৃত্ত হঠাৎ তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত ও রক্তাক্ত করে। এসময় তার আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মুখোশধারী দুর্বৃত্তরা ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। হামলায় গুরুতর আহত মুফতি মানসুর কবিরকে স্থানীয়রা উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে শনিবার কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।