অগ্নিসংযোগ-হামলা অব্যাহত

ঢাকা-৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা। অনেক স্থানে ওসমান হাদি ইস্যু সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতেও হামলা চালানো হয়। আবার কেউ কেউ বলছেন, আসন্ন নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করছে।

গতকাল শনিবার ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করছে। এর আগে গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে। ওই রাতে দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ চার আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ ছাড়া মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এদিকে জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের হাটহাজারীর বাসভবনে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে দলটি। তাদের অভিযোগ, জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। গতকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির জরুরি প্রেসিডিয়াম বৈঠকে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে এবং মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় এ বৈঠক হয়।

বৈঠকে বলা হয়, দেশকে অস্থিতিশীল করে জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল ধারাবাহিকভাবে সহিংসতা ও নাশকতা চালিয়ে যাচ্ছে। পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। এ ছাড়া সভায় জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সাদেকনগর গ্রামে আনিসুল ইসলাম মাহমুদের বাসভবনে শতাধিক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাসভবনে অগ্নিসংযোগ করে এবং ব্যাপক লুটপাট চালায়। প্রেসিডিয়াম সভা থেকে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়, ধানম-ি ৩২ নম্বর, ছায়ানট ও উদীচী কার্যালয় এবং রাজনৈতিক নেতাদের বাস ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ময়মনসিংহে এক হিন্দু যুবককে প্রকাশ্যে হত্যার পর লাশে অগ্নিসংযোগ, নিউএজ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা, খুলনায় সাংবাদিক হত্যা, চট্টগ্রাম ও খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলার চেষ্টা, লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাসভবনে অগ্নিসংযোগ এবং শিশু হত্যার ঘটনাও ঘটে।

বিশেষজ্ঞরা বলছেন, এসব ধারাবাহিক সহিংসতা শুধু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেই প্রশ্নবিদ্ধ করছে না, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। রাজনৈতিক নেতাদের বাসভবন, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, গণমাধ্যম কার্যালয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাগুলো একটি সুপরিকল্পিত অশুভ চক্রান্তের ইঙ্গিত বহন করে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন : গতকাল ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করছে। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দোতলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্টোররুমের পেছনের খোলা জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন সংশ্লিষ্টরা।’

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, গতকাল ভোরে কিছু দুষ্কৃতকারী নির্বাচনী অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এতে নিচতলায় কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

দিনাজপুরে সাবেক নৌমন্ত্রীসহ চার নেতার বাড়িতে আগুন : ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও মৃত্যুর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ চার আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ধনতলা এলাকায় অবস্থিত খালিদ মাহমুদের বাড়িতে এ ঘটনা ঘটে। একই গ্রামে অবস্থিত সেতাবগঞ্জ পৌরসভার সাবেক দুই মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় শতাধিক মোটরসাইকেলে করে স্লোগান দিতে দিতে প্রতিমন্ত্রীর বাড়ির দিকে যায় একদল লোক। তাদের মাথায় হেলমেট ছিল। হাতে ছিল লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র। একপর্যায়ে তারা খালিদ মাহমুদ চৌধুরীর বাসার সামনে খড়সহ ধানের পালায় আগুন দেন। পরে সে আগুনে পুরো বাড়ি পুড়ে যায়। এর পরপরই একইভাবে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলাম উদ্দীন ও আবদুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগ করে তারা। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

আনিসের গ্রামের বাড়িতে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি : গত শুক্রবার রাতে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়ি গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেকনগর গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। পুলিশ জানায়, রাত ১২টার দিকে ৫০-৬০ জনের একদল দুর্বৃত্ত ২০-৩০টি মোটরসাইকেল, কার ও হাইয়েসযোগে এসে আল্লাহু আকবর স্লোগান দিয়ে কয়েকটি পটকা ফুটিয়ে প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারিক আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কারা এ ঘটনা ঘটিয়েছে, কারা জড়িত, তা বের করতে পুলিশ তদন্ত শুরু করছে।’ দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিটিভির মহাপরিচালকের বাড়িতে আগুন : মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক মো. মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী তরুণ কুমার জানান, শুক্রবার গভীর রাতে কয়েকজন দুর্বৃত্ত বোতলে পেট্রোল ভরে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা ভবনের মূল ফটক ও জানালার অংশে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে তানভীর হাসান জোহা বলেন, ‘এটি একটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে প্রতীয়মান হচ্ছে। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জজ আদালতের মতো সংবেদনশীল ও সুরক্ষিত এলাকায় এ ধরনের ঘটনার পর স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।’

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এই নাশকতার পেছনে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন : লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার ঘরের দরজায় তালা দিয়ে বাইরে থেকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এক শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় ওই নেতা ও তার আরও দুই মেয়ে গুরুতর দগ্ধ হয়েছেন। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, রাতে বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যায় শিশু আয়েশা।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

নিউজে দেশ রূপান্তরের জেলা ও উপজেলা প্রতিনিধিরা সহযোগিতা করেছেন।