চট্টগ্রামে কারাবন্দি দাগি সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে নগর পুলিশের একটি সংস্থা। নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিন পৃথক সাতটি খুনের মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন লাভ পরে স্থগিতের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরদারির এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই নগরের তিনটি থানা এলাকার কারাবন্দি দাগি কিছু আসামির তালিকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। থানাগুলো হলো চান্দগাঁও, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামি। এর মধ্যে চান্দগাঁও থানার দাগি আসামিরা হলেন ইসমাঈল হোসেন ওরফে টেম্পু, মো. আলাউদ্দিন, মো. হেলাল, বাবু তালুকদার, বায়েজিদ বোস্তামি থানার মো. বাবুল, মো. সোহেল, মো. বেলাল উদ্দন ওরফে মুন্না, মো. হাসান, মো. আজিজ, বাকলিয়া থানার মো, রোকন, মো. মিশন, মো. রাব্বি ও মো. ইফতেখার বিন ইসহাক। চট্টগ্রাম নগর পুলিশের এক কর্মকর্তা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘœ করতে কারাগারের ভেতরে বাইরের দাগি সন্ত্রাসীদের (জামিনে থাকা) নজরদারিতে রাখা হচ্ছে।