আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। আজ রবিবার (২১ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসি সূত্র জানায়, রবিবার দুপুর ১২টায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা নির্বাচন কমিশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর দুপুর আড়াইটায় ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক সভা শুরু হবে। সভা শেষে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, নির্ধারিত সূচি অনুযায়ী তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে সভার সিদ্ধান্ত ও আলোচনার সারসংক্ষেপ তুলে ধরা হবে।
এদিকে ইসি সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনাবিষয়ক সভাটি পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত থাকবেন।
নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্টরা।