হাদির কবর জিয়ারত করে জামায়াত আমির বললেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক’

নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে বাংলাদেশ জামায়াত দৃঢ় আশাবাদী বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির স্বরণে কবর জিয়ারত করতে গিয়ে এই কথা জানান তিনি।

রবিবার ২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর  শফিকুর রহমান ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে জামায়াতের নেতা-কর্মীরা ছিলেন। 

এসময় জামায়াতে আমির শফিকুর রহমান বলেন,  হাদির দুশমনেরা কার্যত বাংলাদেশেরই দুশমন। কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো। হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। বিপ্লবীদের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না।

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করে যাবো। মূল কথা হলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে। এখানে যেন অন্য কিছু চিন্তা না করা হয়। 

 জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফারহাদ প্রমুখ।