যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আশিষ জোয়াদ্দার (৩৩) নামে একজন খুন হয়েছেন। তার কাছ থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়া হয়েছে। পালানোর সময় বাস ধাক্কায় এক ছিনতাইকারী গুরুতর আহত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর যাত্রাবাড়ী আড়তের সামনে এই ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় দোকানদার মাহমুদুর রহমান তুহিন জানান, মাঝরাতে যাত্রাবাড়ী আড়তের সামনে ফ্লাইওভার ব্রিজের নিচে মানুষের ভিড় দেখতে পান তিনি। তখন এগিয়ে গিয়ে দেখেন, রক্তাক্ত অবস্থায় একজন পড়ে আছেন। ওই ব্যক্তিকে পূর্বপরিচিত হিসেবে চেনেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

তুহিন বলেন, ওই ব্যক্তির নাম আশিষ জোয়াদ্দার। তার বাড়ি মাগুরা জেলায়। বর্তমানে থাকতেন যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নম্বর গেটে। যাত্রাবাড়ীসহ আশপাশে ৭-৮টি ভ্যান গাড়িতে করে জামাকাপড় বিক্রি করা হয় এমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার ছিলেন তিনি। তাদের মূল দোকান যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়কে। সেখানে বসেই ব্যবসার হিসাবপত্র রাখতেন আশিষ। গ্রাম থেকে শনিবার রাতেই ঢাকায় ফিরছিলেন। তার সাথে কয়েকটি ব্যাগ ছিল। এগুলো দেখে ফ্লাইওভারের নিচে ৩-৪ জন ছিনতাইকারী তার পথরোধ করে। তবে কোনোকিছু দিতে না চাইলে ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। এসময় চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা আইফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

এদিকে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক এসআই আব্দুল করিম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করেছে এবং পরবর্তী তাকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা গেছেন। ছিনতাইকাররা তার সঙ্গে থাকে একটা আই ফোন, টাকা ও স্বর্ণের আংটি ছিনিয়ে নিয়েছে। ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পথচারীদের ধাওয়ায় বাসের সাথে ধাক্কা লেগে এক ছিনতাইকারী আহত হয়েছে। তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে বর্তমানে পুলিশ পাহারায় ভর্তি রয়েছে। তার অবস্থা গুরুতর। তার নাম পরিচয় কিছুই বলতে পারছে না সে। 

তিনি জানান, এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন এবং ঘটার বিস্তারিত তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।