ছায়ানটে হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ধানমন্ডির সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট ভবনে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাতের ঘটনায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত দুষ্কৃতকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ভবনের বিভিন্ন কক্ষে প্রবেশ করে। সিসি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালাসহ অন্যান্য উপকরণে ভাঙচুর চালিয়ে আগুন ধরানো হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর ছায়ানট পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।