হাদির সমাধিস্থলের ছড়িয়ে পড়া ছবি ভুয়া: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (২১ ডিসেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থল সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টিত রয়েছে। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে।

ডিএমপি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বাস্তব নয় এবং এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। বিকেল ৩টার দিকে তার মরদেহ সমাধিসৌধে আনা হয়। দাফন শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মো. গোলাম পরওয়ার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার আগে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এবং ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।