ইসরায়েল সাম্প্রতিক সামরিক ও কৌশলগত পরাজয় আড়াল করতে হুমকি ও মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি।
আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ অভিমত ব্যক্ত করেন। জেনারেল ওয়াহিদি বলেন, তেল আবিব এখন গণমাধ্যমে নানা ধরণের প্রচারণা ও রাজনৈতিক কূটকৌশল ব্যবহার করে তাদের ১২ দিনের যুদ্ধের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে।
ইরানি এই জেনারেলের মতে, ইসরায়েলি বাহিনী বর্তমানে যে ধরণের হুমকি দিচ্ছে, তা মূলত তাদের অভ্যন্তরীণ সংকট থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানোর ব্যর্থ চেষ্টা মাত্র।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর ও ইরানের পারমাণবিক ও সামরিক শক্তি নিয়ে নিয়মিত হুমকি প্রসঙ্গে ওয়াহিদি বলেন, ইসরায়েল বর্তমানে একটি মেকি চিত্র তুলে ধরতে চাইছে, যা যুদ্ধের ময়দানের প্রকৃত বাস্তবতার সম্পূর্ণ বিপরীত। ইরানের বিরুদ্ধে সরাসরি সংঘাতের হুমকি দিলেও ইসরায়েল মূলত গভীর কৌশলগত সংকটে আটকা পড়েছে। তাদের কোনো সামরিক লক্ষ্যই এখন পর্যন্ত সফলভাবে পূরণ হয়নি এবং ইরান তাদের প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
জেনারেল ওয়াহিদি আরও উল্লেখ করেন, ইসরায়েলি নেতৃত্বের অনবরত হুঙ্কার ও প্রচারণা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। তার মতে, ইসরায়েল আন্তর্জাতিক মহলে ক্রমেই একঘরে হয়ে পড়ছে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এখন মরিয়াভাবে বিভিন্ন উসকানিমূলক পথ খুঁজছে। নেতানিয়াহুর ওয়াশিংটন সফরকে তিনি এই মনস্তাত্ত্বিক যুদ্ধেরই একটি অংশ হিসেবে অভিহিত করেন।
এদিকে, ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরণের ভুল পদক্ষেপের দাঁতভাঙা জবাব দিতে তেহরান সদা প্রস্তুত এবং ইসরায়েলের ফাঁপা হুমকি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় কোনো প্রভাব ফেলতে পারবে না।