ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে ঘৃণা জানাতে পল্টন থেকে যাত্রা শুরু করেছেন জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
রাজধানীর পল্টন যেখানে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেই স্থান থেকে সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি একা এই যাত্রা শুরু করেন।
পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর ধরে সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে।
দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।
তিনি আরও বলেন, অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি বা চিঠি দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
এসময় রাশেদ প্রধান ভারতীয় দূতাবাসের জন্য সঙ্গে কালো গোলাপ নিয়েছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক।