পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। তারা দু’জনেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানায়, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা রাব্বি ও নিশান দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাতে ১২টার দিকে রাব্বি ও রোববার সকালে নিশান মারা যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুজ্জামান জানান, মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।