নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা ও সুদের কারবারসহ নানা অপরাধমূলক কর্মকান্ড পরিচালনার অভিযোগে জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে স্থানীয় পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন করা হয়।
পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫২) এলাকায় দীর্ঘদিন ধরে সুদের কারবার করে আসছে। উচ্চহারে সুদ পরিশোধ করতে যেয়ে স্থানীয় বাদশাহ মিয়া, দুদু মিয়া, দেলোয়ার ও আব্দুর রবসহ প্রায় ২০টি পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন। বিগত সময়ে তার কাছ থেকে ঋণ নিয়ে ঠিকমতো পরিশোধ করতে না পারায় অনেক পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
তিনি আরও বলেন, গত এক বছর পূর্বে স্থানীয় আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা দায়ের করে অনৈতিকভাবে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাও করেন ওই ব্যক্তি।
পঞ্চায়েত কমিটির অপর সদস্য শাহজাহান বলেন, জাকিরের অপরাধ কর্মকান্ডে গ্রাম পঞ্চায়েত কমিটি একাধিকবার সর্তক করার পর উল্টো তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দেয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেন তিনি। এ ব্যাপারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।