প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি। আজ রবিবার ভোরে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ঘাগটিয়া গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২ হাজার ৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯ হাজার ৫০০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়। যার সর্বমোট আনুমানিক সিজার মূল্য—চল্লিশ লাখ টাকা।
অভিযানে সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও—১০০১২ নায়েব সুবেদার কাজী মো. কামালের সাথে ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।