তারেক রহমানকে কটাক্ষ,  প্রধান শিক্ষককে শোকজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষ করায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককে শোকজ করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বলেও জানিয়েছেন  আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মো. মহসিন ভূঞা।

এদিকে সোনাগাজী পৌর বিএনপি আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর  ও সদস্য সচিব নিজাম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আওয়ামী লীগ করতেন। বিদ্যালয়টিকে বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। ফেনী ও ঢাকা সহ বিভিন্নস্থানে জমি ফ্ল্যাট ক্রয় করে এখন চোখেমুখে সরষে ফুল দেখছেন। 

সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ওমর ফারুক ফেনীর নিজাম হাজারীর গোলাম ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক পদ ভাগিয়ে নেন। তিনি এখন রীতিমত জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয়টি থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করেছেন ছাত্রদল, যুবদল সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য; সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক তার ফেসবুক আইডিতে লেখেন- শোনা যাচ্ছে নেতা মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করেছেন, এখন মুচলেকা দিয়ে দেশে ফিরতে পারেন, ছিঃ এ জীবনের! এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। বিড়ালের মত ১০০ বছর বাঁচার চেয়ে সিংহের মত ১ ঘণ্টা বাঁচাই উত্তম। যার প্রমাণ শরীফ ওসমান হাদী।  ওমর ফারুকের বক্তব্য জানার জন্য ফোন দিলে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।