দেশব্যাপী সহিংসতায় উদ্বেগ মহিলা পরিষদের

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। রবিবার (২১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতাদের হত্যা, দেশের অন্যতম গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির ওপর হামলা ও অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা ও পুড়িয়ে আনন্দ করা, শিশু হত্যা, দেশজুড়ে গুপ্ত খুন, নারীদের ওপর সহিংসতা, বিভিন্ন ধরনের ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং সাইবার বুলিংসহ এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনমনে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ছে। এমন ভীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবির পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায়।

এছাড়া একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।