রাজধানীর মহাখালীতে চাঁদাবাজদের গুলিতে কনস্ট্রাকশন সাইটের এক ম্যানেজার আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তার নাম মো. নাজিম উদ্দিন (৪২)। রোববার বিকেল পৌনে ৪টার দিকে মহাখালী টিভি গেট এলাকায় নির্মাণাধীন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের ভিতরে এ ঘটনা ঘটে।
আহত নাজিম উদ্দিন জানান, বাবর এসোসিয়েটস নামে কনস্ট্রাকশন প্রতিষ্ঠানের ম্যানেজার তিনি। বিকেলে টিভি গেটের কনস্ট্রাকশন সাইটে কাজ করছিলেন। তখন ১০-১২ জন মুখোশধারী লোক সাইটের ভেতর ঢুকে। এরপর নাজিম উদ্দিন ও সাইট ইঞ্জিনিয়ারকে একদিকে ঠেলে নিয়ে যায়। এরপর ওই দুর্বৃত্তদের এক বড় ভাইয়ের সাথে সাইটের লোকজনদের ফোনে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে দুর্বৃত্তরা ফোনে কল করে তাদের বড় ভাইকে পাচ্ছিল না। একপর্যায়ে তাদের মধ্যে ২-৩ জন নাজিম উদ্দিনকে ঝাপটে ধরে। পাশে থাকা ৩ জন পিস্তল বের করে গুলি ছোড়ে। একটি গুলি গিয়ে নাজিমের বাম পায়ে হাঁটুর নিচে লাগে। এরপর একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
তিনি বলেন, কিছুদিন আগে একটি গ্রুপ এসে চাঁদা দাবি করেছিল। তবে আজ এই ঘটনা কারা ঘটিয়েছে তা জানি না। তারা আমার মানিব্যাগটিও নিয়ে গেছে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, জরুরি বিভাগে ওই ব্যক্তির চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিটি বেরিয়ে গেছে। ঘটনাটি বনানী থানা পুলিশকে অবগত করা হয়েছে। স্বজনরা জানান, নাজিম উদ্দিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। বর্তমানে নাখালপাড়ায় থাকেন।