লক্ষ্মীপুরে দগ্ধ স্মৃতিকে দেখতে গেলেন রিজভী-এ্যানি

লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া দগ্ধ বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে স্মৃতির অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখতে রবিবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আরেক নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ সময় স্মৃতির চিকিৎসার খোঁজ-খবর নেন তারা। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, বিএনপি করার জন্য লক্ষ্মীপুরে বেলাল হোসেনের বাসায় তালা মেরে আগুন ধরিয়ে দেওয়া হলো নাকি অন্য কোন কারণে, তা এই সরকারকে খতিয়ে দেখতে হবে। ৫ আগস্টের পর তো সন্ত্রাসীদের দেশে দাপিয়ে বেড়ানোর কথা না।

তিনি বলেন, হাদি হত্যা ও এই ঘটনার কোন যোগসূত্র আছে কি না সেটিও খতিয়ে দেখতে হবে। বিদেশি শক্তি ও তাদের এদেশের অনুসারীরা দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচাল করতে চায়া কি না তাও দেখা দরকার।

এর আগে শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের বাড়িতে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ে আয়শার মৃত্যু হয়। এ ছাড়া বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে বিথী (১৩) ও স্মৃতি (১৮) দগ্ধ হয়।

এর মধ্যে বিথী ও স্মৃতিকে চিকিৎসার জন্য শনিবার ভোরে ঢাকায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বিথীকে ছেড়ে দেন। আর তাদের বাবা বেলালকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।