হত্যার পর লাশে আগুন, গ্রেপ্তার আরও ২

ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশ গত শনিবার রাতে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে একই ঘটনায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গতকাল দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাস (২৭) নামে একটি পোশাক কারখানার শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নিহতের পরিবার ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪) ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে গত শনিবার জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হন সাতজন এবং ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার হন তিনজন।