আরও ৬ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার চারটি ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ডলার (৬০ মিলিয়ন ডলার) কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত।

এর আগে গত ১৭ ডিসেম্বর সাতটি ব্যাংক থেকে প্রায় ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৬৭ মিলিয়ন ডলার) কেনা হয়। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। কাট-অফ রেট ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। তার আগে ১৫ ডিসেম্বর ১৩টি ব্যাংক থেকে মোট প্রায় ১৪ কোটি ১৫ লাখ মার্কিন ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ২৯ থেকে ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত। এদিকে সব মিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত নিলাম পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ২৯৩ কোটি ১৫ লাখ ডলার কিনেছে।