বাংলাদেশের ফুটবল উন্নয়নে আগ্রহী ইইউ

বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী, শমিত সোমদের মতো তারকাদের আগমন এবং জাতীয় নারী ফুটবল দলের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাই করা ইতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব অঙ্গনে। এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের ফুটবলের সঙ্গী হতে এবং বাংলাদেশের ফুটবল উন্নয়নে পাশে থাকতে। তবে তার আগে সব ধরনের সুযোগ, সম্ভাবনা ও চ্যালেঞ্জ খতিয়ে দেখবে তারা। গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক্সিকিউটিভ কমিটি, নারী উইং এবং নারী রেফারিদের সঙ্গে একটি মতবিনিময় বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার। মতবিনিময় সভা শেষে মিলার সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ অত্যন্ত জটিল সময় পার করছে  নির্বাচনের দিকে এগোচ্ছে, নানা চ্যালেঞ্জ রয়েছে। একই সঙ্গে এই দেশের ইতিবাচক দিকগুলোর কথাও বলতে হবে কীভাবে তরুণরা নিজেদের জন্য ক্যারিয়ার গড়ে তুলতে পারে, দেশ কীভাবে উন্নত ও এগিয়ে যেতে পারে, এবং কীভাবে বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের ক্রীড়া দলগুলোর পেছনে এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ সমর্থন গড়ে তুলতে পারে।